সরকারি চাকরিতে “সংযুক্তি”, “প্রেষণ” ও “লিয়েন” কি একই বিষয়?

আমার নিজ অধিক্ষেত্রের কোনো কার্যালয় পরিদর্শনে গেলে যখন জনবলের কাঠামো ও কর্মরত জনবলের তথ্য চাই, তখন প্রায়ই দেখতে পাই যে কোনো কোনো নামের পাশে লেখা “ডেপুটেশন” বা “প্রেষণ”, “সংযুক্তি”, অথবা “লিয়েন”।

আমি সে সকল কর্মচারীর পদবি বিবেচনায় সহজেই বুঝতে পারি যে এখানে তাঁদের “সংযুক্তি” ছাড়া অন্যগুলোতে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। তাহলে তাঁরা সেটা কেন লেখেন? প্রশ্ন করলে তাঁদের উত্তর—”এগুলো তো একই”।

আসলেই কি “প্রেষণ” বা “সংযুক্তি” বা “লিয়েন” একই অর্থে ব্যবহৃত হয়?

এর এক কথায় উত্তর হলো: না।

তাহলে এগুলো মূলত কী এবং এদের মধ্যে মূল পার্থক্য কোথায়? সে আলোচনা আজ করছি।

সরকারি চাকরিতে সংযুক্তি (Attachment) কি?

সংযুক্তি বলতে বোঝায় যখন কোনো কর্মচারীকে তাঁর মূল পদ বা দপ্তরের প্রশাসনিক কাঠামোর ভেতরেই সাময়িকভাবে অন্য কোনো দপ্তরে বা শাখায় ন্যস্ত করা হয়।

  • মূল বৈশিষ্ট্য: এটি একটি ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থা’ যা কর্তৃপক্ষের নিজস্ব এখতিয়ারভুক্ত এবং কোনো নির্দিষ্ট বিধিমালার কঠোর ছকে বাঁধা নয়।
  • বেতন-ভাতা: সংযুক্তিতে কর্মরত কর্মচারী যে কার্যালয়ে কাজ করেন, তাঁর বেতন-ভাতাদি সে কার্যালয় থেকে হয় না। তিনি তাঁর মূল পদ যেখানে, সেখান থেকেই বেতন-ভাতাদি গ্রহণ করেন।
  • পদের অবস্থা: কোনো কর্মচারী সংযুক্তিতে কর্মরত থাকলে তাঁর মূল পদ শূন্য হয় না। অর্থাৎ পদটি ব্লক (Blocked) হয়ে থাকে।
  • বাড়িভাড়া সুবিধা: সংযুক্তিতে কর্মরত কর্মচারী যে কার্যালয়ে কাজ করেন, সে কার্যালয়ের অন্যান্য কর্মচারীর ন্যায় তাঁর জন্য প্রযোজ্য হারে বাড়িভাড়া ভাতা প্রাপ্য হন। উদাহরণস্বরূপ: ঢাকার বাইরে মূল পোস্টিং কিন্তু ঢাকার কোনো কার্যালয়ে সংযুক্ত থাকলে তিনি ঢাকার হারে বাড়িভাড়া ভাতা প্রাপ্য হবেন।

সরকারি চাকরিতে প্রেষণ (Deputation) কি?

“প্রেষণ” অর্থ কোনো সরকারি কর্মচারীকে তাঁর নিজস্ব অথবা নিয়মিতভাবে নিয়োগযোগ্য কর্ম, পদ বা কর্মবিভাগ হতে ভিন্নতর কোনো কর্ম, পদ বা কর্মবিভাগে অস্থায়ীভাবে প্রেরণ করা [সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-২(৭)]।

  • মূল বৈশিষ্ট্য: প্রেষণ চাকরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত এবং এটি ভিন্ন কর্তৃপক্ষের অধীনে নির্দিষ্ট সময়ের জন্য চাকরি।
  • আর্থিক সুবিধা: প্রেষণে থাকাকালীন কর্মচারীরা একসময় মূল বেতনের সাথে ‘প্রেষণ ভাতা’ (Deputation Allowance) পেতেন, তবে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর মাধ্যমে এই সুবিধা রহিত করা হয়েছে।
  • মেয়াদ: প্রেষণে কর্মরত কোনো কর্মচারীকে মেয়াদ শেষে আবার তাঁর মূল দপ্তরে ফিরে আসতে হয়।

সরকারি চাকরিতে লিয়েন (Lien) কি?

লিয়েন সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-২(১২)-তে বলা হয়েছে, “লিয়েন” অর্থ প্রজাতন্ত্রের কর্মের কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির উক্ত পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকিবার অধিকার। এটি আলাদা বিধি দ্বারা নিয়ন্ত্রিত। (এ বিষয়ে বিস্তারিত অন্য আরেকদিন আলোচনা করা হবে)।

সারসংক্ষেপ

সহজ কথায়, সংযুক্তি হলো নিজ কর্তৃপক্ষের অধীনে বা সমমানের দপ্তরে সাময়িক কাজের ব্যবস্থা, যেখানে আর্থিক সুবিধাদির তেমন পরিবর্তন হয় না। অন্যদিকে, প্রেষণ হলো ভিন্ন কর্তৃপক্ষের অধীনে নির্দিষ্ট সময়ের জন্য বিধি দ্বারা নিয়ন্ত্রিত চাকরি। তাই এই শব্দগুলোকে এক করে দেখার কোনো সুযোগ নেই।

Leave a Comment