সরকারি কর্মচারী ও নাগরিকদের জন্য বিধি, অফিস আদেশ, পে-স্কেল, পেনশন ও চাকরিসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য

BD Service Rules

আপনার প্রশ্নের উত্তর খুঁজুন, সহজভাবে

চাকরির বিধি, বেতন-ভাতা, পে-ফিক্সেশন ও সরকারি সেবার প্রয়োজনীয় তথ্য খুঁজুন।

সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত: স্থানীয় সরকার বিভাগের ১৫ অক্টোবর ২০২৬ পরিপত্র

সর্বশেষ হালনাগাদ: ২২ অক্টোবর ২০২৬

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর বিধিমালা এখনো তৈরি হয়নি, নতুন রেট সিডিউলও প্রকাশ হয়নি। তাই স্থানীয় সরকার বিভাগ জরুরি রাষ্ট্রীয় বিষয় ছাড়া সব দরপত্র ও ক্রয় প্রক্রিয়া আপাতত বন্ধ রাখতে বলেছে। পরিপত্রটি ১৫ অক্টোবর ২০২৬ তারিখের।

পরিপত্রে কী বলা হয়েছে

  • অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
  • স্থগিত হবে কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত সব দরপত্র বা ক্রয় প্রক্রিয়া।
  • ব্যতিক্রম শুধু রাষ্ট্রীয় জরুরি বিষয়।
  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ও চলমান, দুই ধরনের প্রক্রিয়াই এর মধ্যে পড়বে। পরিপত্রের ভাষা হলো ‘দরপত্র বা ক্রয় প্রক্রিয়া’, তাই চলমান কাজের ক্ষেত্রে কী হবে, তা সংশ্লিষ্ট দপ্তর থেকে জেনে নেওয়াই ভালো।

কাদের জন্য

পরিপত্রটি স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি হয়েছে। প্রাপক হিসেবে আছে সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ঢাকার মশক নিবারণী দপ্তর। অন্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ক্ষেত্রে একই নির্দেশ এসেছে কি না, আমি নিশ্চিত হতে পারিনি।

স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৩৯.১৮.০১৩.২৬-২০৮৯
তারিখ ৩০ আশ্বিন ১৪৩৩ / ১৫ অক্টোবর ২০২৬
জারিকারী স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখা (সিনিয়র সহকারী সচিব)

ঠিকাদার ও দপ্তরগুলোর জন্য

  • নতুন দরপত্র বা কাজের অপেক্ষায় থাকলে সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ নির্দেশনা নিন।
  • চলমান প্রক্রিয়ায় থাকলে নিজেদের কাগজপত্র ও সময়সীমা লিখিতভাবে সংরক্ষণ করুন।
  • নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশ হলেই কেবল প্রক্রিয়া আবার শুরুর কথা। কবে নাগাদ, তা এখনো জানা যায়নি।

অধ্যাদেশ নিয়ে আগের লেখা দেখুন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন ২০২৬: সরকারি ক্রয়ে নতুন কী পরিবর্তন এলো?

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

কত দিন স্থগিত থাকবে?

বিধিমালা ও নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নির্দিষ্ট তারিখ বলা নেই।

জরুরি কাজও কি বন্ধ?

না। রাষ্ট্রীয় জরুরি বিষয়ে এই স্থগিতাদেশ প্রযোজ্য নয়।

দায়মুক্তি: এটি পরিপত্রের দৃশ্যমান পাঠ্য ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে তথ্যগত সারসংক্ষেপ। সিদ্ধান্তের আগে মূল পরিপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা যাচাই করুন।

Leave a Comment