সর্বশেষ হালনাগাদ: ২২ অক্টোবর ২০২৬
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পে ফিক্সেশন নিয়ে ঝিনাইদহের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় ডিডিওদের জন্য একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি স্থানীয়, ঝিনাইদহ জেলার অফিসগুলোর জন্য। অন্য জেলায় একই নির্দেশ এসেছে কি না আমি জানি না। তবু অনেক নিয়ম আইবাস++-এর সাধারণ ব্যবস্থার সঙ্গে মেলে, তাই ডিডিও ও কর্মচারীদের কাজে লাগতে পারে। সার্কুলারের তারিখ অক্টোবর ২০২৬ (ছবিতে দিনের অংশ অস্পষ্ট)।
পেনশনভোগী
- পেনশনভোগীদের ফিক্সেশন ও এরিয়ার বিল আইবাস++-এ স্বয়ংক্রিয়ভাবে হবে। হিসাবরক্ষণ অফিসকে কিছু করতে হবে না।
- শুধু পেনশনভোগীকে লাইফ ভেরিফিকেশন হালনাগাদ রাখতে হবে।
যাদের ফিক্সেশন হবে না
- সাময়িক বরখাস্ত থাকা কর্মী।
- ৩০ জুন ২০২৬ বা তার আগে যাঁদের পিআরএল শেষ হয়েছে।
- যাঁদের বেতন-ভাতা আইবাস++-এ হয় না, যেমন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার কর্মচারী এবং সড়ক, গণপূর্ত ও এলজিইডির মাস্টাররোল ও কাজভিত্তিক কর্মচারী।
যাদের ফিক্সেশন পরে হবে
- ১ জুলাই ২০২৬-এর আগে ২০১৫ স্কেলে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেয়েছেন, কিন্তু আইবাস++-এ এখনো ফিক্সেশন হয়নি: আগে ২০১৫ স্কেলে সেই ফিক্সেশন, তারপর ২০২৬ স্কেলের ফিক্সেশন।
- ১ জুলাই ২০২৬ বা তার পরে পিআরএল ভোগরত: কর্মরতদের ফিক্সেশনের পর তাঁদের ফিক্সেশন হবে, এরপর সংশোধিত ইএলপিসি ইস্যু হবে।
- যাঁদের ইনক্রিমেন্ট স্থগিত আছে।
- যাঁরা প্রেষণে আছেন।
ডিডিও ও কর্মীদের জন্য নির্দেশনা
- চলমান কর্মী আগের ফিক্সেশনে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরই ব্যবহার করবেন।
- আইবাস++-এ দেওয়া মোবাইল নম্বরের সিম হারালে বা নষ্ট হলে, ওই এনআইডিতে নতুন সিম তুলে ডিডিও ও হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফিক্সেশনের আগেই নম্বর বদলাতে হবে।
- ১ জুলাই ২০২৬ বা তার পরের নতুন নিয়োগপ্রাপ্তদের আগে এন্ট্রি ইউজার ও ডিডিওর মাধ্যমে হোয়াইটলিস্টেড হতে হবে, তারপর ফিক্সেশন।
- সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বেতন-ভাতা ২০১৫ স্কেল অনুযায়ী পরিশোধিত থাকতে হবে।
- জিওবি স্টাফ: জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে আইবাস++-এ লগ-ইন করবেন। সার্ভিস বইয়ে ২০২৬ স্কেলের গেজেট উল্লেখ করে ডিডিওকে স্বাক্ষর দিতে হবে। নাম, পদবি, এনআইডি ও মোবাইল নম্বরসহ অফিস প্রধানের ফরওয়ার্ডিংয়ে সার্ভিস বই ও ফিক্সেশনের এক কপি এই কার্যালয়ে জমা দিলে কাজ দ্রুত ও নির্ভুল হবে।
- জিওবি অফিসার: নিজের আইডি ও পাসওয়ার্ডে লগ-ইন করবেন। নাম, পদবি, এনআইডি, মোবাইল নম্বর এবং অডিট রেজিস্টারের ভলিউম ও পৃষ্ঠা নম্বরসহ অফিস প্রধানের ফরওয়ার্ডিংয়ে ফিক্সেশনের এক কপি জমা দিতে হবে।
- সহায়তার জন্য ডিডির মনোনীত প্রতিনিধি হিসাবরক্ষণ অফিসে থাকবেন। ছোট অফিস থেকে সর্বোচ্চ দুজন, বড় অফিস থেকে সর্বোচ্চ চারজন।
- ডিডিও আইডি থেকে ফিক্সেশন দাখিলের পর ফিক্সেশনের কপি প্রিন্ট করতে হবে। না করলে তথ্য অসম্পূর্ণ থাকবে।
- প্রশ্ন থাকলে হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট অডিটর বা সুপারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬: তিন মাসের বকেয়া বিল
- বকেয়া বিল আইবাস++-এ স্বয়ংক্রিয়ভাবে হবে না। ম্যানুয়ালি বিল তৈরি করে হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হবে।
- বিলে সমন্বয় করতে হবে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নেওয়া বিশেষ সুবিধা, এবং ২০১৫ স্কেলে ১ জুলাই ২০২৬ তারিখের মূল বেতনের ভিত্তিতে নেওয়া বাড়ি ভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা এবং উৎসব ভাতা।
আমাদের নোট
সার্কুলারে ‘সমন্বয়’ বলতে ভাতাগুলো কীভাবে হিসাবে আসবে, সে ব্যাখ্যা নেই। বিশেষ সুবিধা বকেয়া থেকে বাদ যাওয়ার কথা গেজেটেই আছে। বাড়ি ভাড়া ও অন্য ভাতার ক্ষেত্রে গেজেট অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬-এর ভিত্তিতেই চলার কথা। তাই এ অংশ নিয়ে সন্দেহ থাকলে আপনার হিসাবরক্ষণ অফিস থেকে লিখিত ব্যাখ্যা নিন। আমাদের এরিয়ার বিল ক্যালকুলেটর শুধু মূল বেতনের বকেয়া ও বিশেষ সুবিধার সমন্বয় হিসাব করে। ভাতার ব্যাখ্যা পড়তে পারেন উৎসব ভাতা ও অন্যান্য ভাতার নিয়ম লেখায়।
আরও দেখুন: ফর্ম পূরণের ৭টি সতর্কতা ও জাতীয় বেতনস্কেল ২০২৬ গাইড।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
পেনশনভোগীদের কি আলাদা কিছু করতে হবে?
না, শুধু লাইফ ভেরিফিকেশন হালনাগাদ রাখতে হবে। ফিক্সেশন ও এরিয়ার বিল স্বয়ংক্রিয়ভাবে হবে।
বকেয়া বিল কি আইবাস++-এ নিজে থেকে হবে?
এই সার্কুলার অনুযায়ী না। ম্যানুয়ালি তৈরি করে জমা দিতে হবে।
পিআরএলে থাকলে ফিক্সেশন কবে?
১ জুলাই ২০২৬ বা তার পরে পিআরএলে থাকলে কর্মরতদের ফিক্সেশনের পরে হবে।
দায়মুক্তি: এটি ঝিনাইদহ হিসাবরক্ষণ অফিসের সার্কুলারের দৃশ্যমান পাঠ্যের সারসংক্ষেপ। অন্য জেলার অফিসের নিয়ম ভিন্ন হতে পারে, তাই আপনার হিসাবরক্ষণ অফিসের নির্দেশনা যাচাই করুন।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।
