ভ্যাট নির্দেশিকা ২০২৬-২৭

বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নির্দেশিকা প্রকাশ করেছে । নতুন এই বাজেটে ভ্যাট খাতে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৩,৪৮০ (দুই লক্ষ তেইশ হাজার চারশত আশি) কোটি টাকা । ব্যবসা সহজীকরণ, করনেট বৃদ্ধি এবং ডিজিটাল ট্রানজেকশনকে উৎসাহিত করতে এই বাজেটে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপনি যদি একজন সাধারণ ক্রেতা, ব্যবসায়ী, কিংবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তবে এই পরিবর্তনগুলো সরাসরি আপনার দৈনন্দিন খরচে প্রভাব ফেলবে। চলুন জেনে নিই, এই নতুন নির্দেশিকায় আপনার জন্য কী থাকছে।

দৈনন্দিন জীবনে যেসব ক্ষেত্রে খরচ কমবে

বাজেটে জনস্বার্থ ও দেশীয় শিল্পের সুরক্ষায় বেশ কিছু খাতে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে:

  • ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটর: প্রযুক্তি নির্ভর সেবাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের প্রদানকৃত সেবাকে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করা হয়েছে ।
  • ব্যাংক একাউন্ট ব্যালেন্স: সাধারণ আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্কমুক্ত সীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৪ লক্ষ টাকা করা হয়েছে ।
  • দেশীয় প্রসাধন সামগ্রী: দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে দেশে উৎপাদিত ওষ্ঠাধার (লিপস্টিক), চক্ষু প্রসাধন, হাত ও নখের প্রসাধন এবং পাউডারের ওপর সম্পূরক শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে ।
  • চিকিৎসা সরঞ্জাম: জীবনরক্ষাকারী চিকিৎসা সামগ্রী যেমন হার্টের রিং/স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, এবং কিডনি রোগীদের ডায়ালিসিস ফিল্টার ও ব্লাড টিউবিং সেটের আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ।
  • কৃষি উপকরণ: কৃষিখাতকে সহায়তা করতে ৫ ধরণের সার (যেমন: জিংক সালফেট) এবং ৩ ধরণের কীটনাশকের ওপর ভ্যাট শূন্য (0%) করা হয়েছে ।

যেসব ক্ষেত্রে খরচ বাড়বে (ভ্যাট ও শুল্ক বৃদ্ধি)

রাজস্ব আদায় বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য কিছু নির্দিষ্ট খাতের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করা হয়েছে:

  • তামাক ও তামাকজাত পণ্য: সিগারেটের সব স্তরের (নিম্ন, মধ্যম, উচ্চ, অতি উচ্চ) দাম বাড়ানো হয়েছে এবং সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে ৮৩% । পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো ‘Nicotine Pouch’ এর ওপর ৮০% এবং ‘Heated Tobacco’ এর ওপর ৬৭% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ।
  • আমদানিকৃত মাছ: তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছ আমদানির ওপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে ।
  • জুয়েলারি ও স্বর্ণ: স্বর্ণকার, রৌপ্যকার এবং জুয়েলারি সেবার বিপরীতে ভ্যাট যৌক্তিকীকরণ করে প্রতি ভরিতে ২৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে ।
  • টেলিকম ও সিম কার্ড: সিমকার্ড বা ই-সিম (e-SIM) সরবরাহের বিপরীতে বিদ্যমান ৩০০ টাকা সুনির্দিষ্ট কর প্রত্যাহার করে সরবরাহ মূল্যের ওপর ১৫% মূসক বা ভ্যাট আরোপ করা হয়েছে ।
  • ট্যুর অপারেটর: নিলামকৃত পণ্যের ক্রেতা এবং ট্যুর অপারেটরদের ক্ষেত্রে প্রাপ্ত কমিশনের ওপর ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে ।
  • লোহা ও স্ক্র্যাপ: রাজস্ব আদায়ের লক্ষ্যে রি-রোলেবল স্ক্র্যাপ থেকে তৈরি এম.এস (MS) পণ্যের ওপর সুনির্দিষ্ট কর প্রতি মেট্রিক টনে ১৭০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করা হয়েছে ।

কোন কোন কাজে BIN (Business Identification Number) বাধ্যতামূলক?

মূল্য সংযোজন কর আইনের প্রায়োগিক জটিলতা নিরসন এবং কর নেট বৃদ্ধির লক্ষ্যে ধারা ৪ সংশোধনের মাধ্যমে নিম্নোক্ত ৭টি ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য BIN বা তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে:

  1. যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব (Current Account) বা STD হিসাব খোলা ও পরিচালনার জন্য ।
  2. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে ।
  3. প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ।
  4. যেকোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS)-এ মার্চেন্ট অ্যাকাউন্ট (Merchant Account) খোলার ক্ষেত্রে ।
  5. যেকোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা তা নবায়ন করতে ।
  6. ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে ।
  7. বিআরটিএ (BRTA) থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন করার জন্য ।

আমদানিকৃত সেবার ওপর ভ্যাট আইন (Imported Services)

এই বাজেটে ভ্যাট আইনের ধারা ২০ সংশোধন করে আমদানিকৃত সেবার কর আদায় পদ্ধতি আরও সহজ করা হয়েছে । অব্যাহতিপ্রাপ্ত সেবা ছাড়া বাংলাদেশে আমদানিকৃত সব ধরণের সেবার ওপর ১৫% ভ্যাট প্রযোজ্য হবে । এই ভ্যাট পরিশোধের দায়ভার যিনি সেবা গ্রহণ করছেন তার ওপর বর্তাবে । সেবা আমদানির মূল্য পরিশোধের সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রযোজ্য ভ্যাট উৎসে কর্তন করে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে

সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ২০২৬ সালে ফ্রিল্যান্সারদের কি আয়ের ওপর ভ্যাট দিতে হবে? উত্তর: না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রযুক্তি নির্ভর সেবাকে উৎসাহ দিতে কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের প্রদানকৃত সেবাকে মূল্য সংযোজন কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে

প্রশ্ন: ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখলে আবগারি শুল্ক কাটা হবে না? উত্তর: নতুন নিয়ম অনুযায়ী, বছরের যেকোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৪ লক্ষ টাকা পর্যন্ত থাকে, তবে কোনো আবগারি শুল্ক (Excise Duty) কাটা হবে না । আগে এই সীমা ছিল ৩ লক্ষ টাকা

প্রশ্ন: স্বর্ণের ভ্যাট বা মজুরি কি বেড়েছে? উত্তর: হ্যাঁ, স্বর্ণকার ও জুয়েলারি সেবার ক্ষেত্রে ভ্যাট ব্যবস্থা সহজ করার জন্য শতকরা হারের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের জন্য ২৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে

প্রশ্ন: ভ্যাট রিটার্ন (দাখিলপত্র) জমা দেওয়ার সময়সীমা কত দিন? উত্তর: নিবন্ধিত ব্যক্তিকে প্রতি কর মেয়াদ সমাপ্ত হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে । তবে সরকারি বা আধা-সরকারি সংস্থা এবং শূন্য রিটার্ন দাখিলকারীরা ২০ দিন পর্যন্ত সময় পাবেন

বিঃদ্রঃ এই আর্টিকেলে উল্লেখিত সকল তথ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক প্রকাশিত ২০২৬-২০২৭ অর্থবছরের ভ্যাট নির্দেশিকা (তারিখ: ১১ জুন, ২০২৬) থেকে সংগৃহীত ও ভেরিফাইড । ব্যবসায়িক বা আইনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বদা NBR-এর মূল গ্যাজেট যাচাই করার পরামর্শ দেওয়া হলো।

Leave a Comment