সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৭ অক্টোবর ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপনে হাইকোর্টের রিট পিটিশন নং ৩২১৪/২০১৮-এর ৪৫ জন প্রধান শিক্ষককে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে (গেজেটেড কর্মকর্তা) উন্নীত করেছে। এই প্রজ্ঞাপন থেকেই পরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের পথ খুলেছে। নিচে সংক্ষেপে বিষয়টি দিলাম।
প্রজ্ঞাপনে কী আছে
| জারিকারী | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়-২ শাখা |
| স্মারক নম্বর | ৩৮.০০.০০০০.০০৮.০২.০১৩.২১-৪৬২ |
| তারিখ | ১১ কার্তিক ১৪৩২ / ২৭ অক্টোবর ২০২৫ |
| কাদের জন্য | রিট নং ৩২১৪/২০১৮-এর ৪৫ জন রিট আবেদনকারী প্রধান শিক্ষক |
| পুরোনো গ্রেড ও স্কেল | ১১তম গ্রেড, ১২,৫০০–৩০,২৩০ টাকা |
| নতুন গ্রেড ও স্কেল | ১০ম গ্রেড, ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (২০১৫ স্কেল) |
- প্রজ্ঞাপনে তিনটি রায়ের উল্লেখ আছে: হাইকোর্ট বিভাগের ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং ৩৫৬৪/২০১৯-এ ৬ জানুয়ারি ২০২২ এবং সিভিল রিভিউ পিটিশন নং ১২৪/২০২২-এ ১৩ মার্চ ২০২৫।
- অর্থ বিভাগের ৬ অক্টোবর ২০২৫ তারিখের মতামত অনুযায়ী আদেশ জারি হয়েছে।
- সুবিধা কার্যকর হবে রায়ের তারিখ, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে, বিধি মোতাবেক।
- প্রজ্ঞাপনের সঙ্গে ৪৫ জনের নাম, বর্তমান কর্মস্থল এবং আগের ও নতুন গ্রেডের তালিকা সংযুক্ত আছে। জেলা ও বিভাগীয় অফিসে অনুলিপি গেছে।
এরপর কী ঘটল
| সময় | ঘটনা |
|---|---|
| ২০১৮ | প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতিসহ ৪৫ জন হাইকোর্টে রিট করেন |
| ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | হাইকোর্ট প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে নির্দেশ দেন |
| ১৩ মার্চ ২০২৫ | আপিল বিভাগের রিভিউ নিষ্পত্তি, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড স্বীকৃত |
| ২৭ অক্টোবর ২০২৫ | উপরের ৪৫ জনকে উন্নীত করে এই প্রজ্ঞাপন |
| ১৫ ডিসেম্বর ২০২৫ | সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন |
| অক্টোবর ২০২৬ | অর্থ বিভাগ ১১তম থেকে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করার আদেশ দেয় |
আপিল বিভাগের শুনানিতে আইনজীবীর বক্তব্য ছিল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকরা নতুন দাবি তুলবেন না বলে আদালতে অঙ্গীকার করেছেন। এটি সংবাদ প্রতিবেদন থেকে, মূল রায় আমি দেখিনি।
২০২৬ সালে বেতন ও বকেয়া
- নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬-এ ১০ম গ্রেডে মূল বেতন ৩২,০০০ টাকা থেকে শুরু, সর্বোচ্চ ৭৭,৩০০ টাকা। আগের ১০ম গ্রেডে ছিল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০।
- সংবাদ প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক পদ ১০ম গ্রেডে উন্নীত হওয়ার প্রায় ১০ মাস পর আইবাস++-এ নতুন বেতন নির্ধারণ চালু হচ্ছে।
- একই আদেশে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের সরকারি আদেশ (জিও) জারির তারিখের আগের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না। তারিখের পরের সময়ের বকেয়া কীভাবে মিলবে, তা আদেশের মূল কপি ও হিসাবরক্ষণ অফিসের নির্দেশনায় দেখে নিন।
প্রধান শিক্ষকদের করণীয়
- আপনার বেতন নির্ধারণ আইবাস++-এ ১০ম গ্রেডে হয়েছে কি না, উপজেলা শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ অফিস থেকে জেনে নিন।
- পদোন্নতি, টাইমস্কেল বা উচ্চতর গ্রেডের পুরোনো আদেশগুলো গুছিয়ে রাখুন। পে ফিক্সেশনের ক্রম বোঝতে পড়ুন ঝিনাইদহ হিসাবরক্ষণ অফিসের সার্কুলার ও ফর্ম পূরণের ৭টি সতর্কতা।
- নতুন স্কেলে সম্ভাব্য বেতন দেখুন পে স্কেল ২০২৬ ক্যালকুলেটরে।
- উচ্চতর গ্রেড বা টাইমস্কেল নিয়ে আপনার ক্ষেত্র জানতে দেখুন উচ্চতর গ্রেড গাইড ও প্রধান শিক্ষকদের উচ্চতর গ্রেড।


প্রশ্নোত্তর
এই প্রজ্ঞাপন কি সব প্রধান শিক্ষকের জন্য?
না, এটি ৪৫ জন রিট আবেদনকারীর জন্য। সব সরকারি প্রাথমিক প্রধান শিক্ষকের জন্য আলাদা প্রজ্ঞাপন ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি হয়।
১০ম গ্রেডে মূল বেতন কত?
২০২৬ স্কেলে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। ২০১৫ স্কেলে ছিল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০।
আগের সময়ের বকেয়া মিলবে?
সংবাদ অনুযায়ী জিও জারির তারিখের আগের কোনো বকেয়া মিলবে না।
দায়মুক্তি: এটি ২৭ অক্টোবর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের দৃশ্যমান অংশ ও সংবাদ প্রতিবেদনের সারসংক্ষেপ। আপনার ক্ষেত্র নিশ্চিত করতে মূল আদেশ ও শিক্ষা অফিসের নির্দেশনা দেখুন।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।
